
স্টাফ রিপোর্টারঃ
পবিত্র রমজান মাস দয়া, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সেই শিক্ষা বুকে ধারণ করে গাইবান্ধা জেলার স্বেচ্ছাসেবী সংগঠন জোনার ফাউন্ডেশন মাসব্যাপী এতিম ও দুঃস্থ শিক্ষার্থীদের সাথে ইফতারের এক অনন্য মানবিক আয়োজন করে চলেছে।
গত ১লা রমজান ১৪৪৭ হিজরি (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এই উদ্যোগে জেলার বিভিন্ন হাফেজিয়া মাদ্রাসার কুরআন পড়ুয়া এতিম ও অসহায় শিক্ষার্থীদের জন্য প্রতিদিন ইফতারের ব্যবস্থা করা যাচ্ছে। জানা যায়, এই মহতী কার্যক্রম পবিত্র ৩০ রমজান পর্যন্ত ধারাবাহিকভাবে চলমান থাকবে।
জোনার ফাউন্ডেশনের ইফতার আয়োজনে থাকে ছোলা, বুন্ডিয়া, খেজুর, কলা, আপেল, কমলা, বরই, মুড়ি, সালাদ, শরবত, তেহারি সহ নানা পুষ্টিকর খাবার। প্রতিদিন গড়ে প্রায় ৫০ থেকে ৭০ জন এতিম ও দুস্থ শিক্ষার্থী এই আয়োজনে অংশ নিয়ে ইফতার করে, যা তাদের মুখে এনে দেয় আনন্দের হাসি এবং হৃদয়ে জাগায় ভালোবাসার অনুভূতি।
মানবতার এই উদ্যোগ বাস্তবায়নে সর্বস্তরের সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানও এগিয়ে এসেছে। এর মধ্যে উল্লেখযোগ্য সহযোগিতা প্রদান করছে ডা. মোজাফফর আহমেদ আই কেয়ার সেন্টার, গাইবান্ধা, ভিক্টর লাইফস্টাইল, সুপ্যালেস গাইবান্ধা এবং জেড এফ মার্চেন্ট।
জোনার ফাউন্ডেশনের সভাপতি এ জে আশিকুর রহমান শাওন জানান, ২০১৪ সালের জুলাই মাসে কর্ম এলাকার আর্থ-সামাজিক অবস্থার কাঙ্ক্ষিত পরিবর্তন, স্থায়িত্বশীল উন্নয়ন এবং আত্মনির্ভরশীল, সুখী ও সমৃদ্ধশালী একটি অবক্ষয়মুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক-সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে জোনার ফাউন্ডেশন আত্মপ্রকাশ করে।
তিনি আরও বলেন, শহর এলাকার অনেক মাদ্রাসায় একাধিক দাতা ও সহযোগিতা থাকলেও প্রান্তিক অঞ্চলে গড়ে ওঠা অনেক মাদ্রাসা নানা কারণে অবহেলিত থেকে যায়। এই বাস্তবতা উপলব্ধি করেই ২০২০ সাল থেকে জোনার ফাউন্ডেশন প্রান্তিক অঞ্চলের মাদ্রাসাগুলোতে মাসব্যাপী ইফতার আয়োজন করে আসছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা পেলে মানবতার এই কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব হবে।
মানবতার এই অভিযাত্রাকে সামনে রেখে তিনি বলেন— “পেতেছি হাত অন্যের দ্বারে, মোর জন্য নয় মানবতার তরে।”
সম্পাদক : মো. আতোয়ার রহমান
নিউজ কক্ষ: ০১৭২৪১৪১২৮২
ব্যক্তি /প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন কক্ষ:০১৭৯৬১৩৪০১৪
First bangla news 2024