
রংপুরঃ
রংপুরে লিঙ্গ সমতা, শিশু অধিকার, যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা ও অধিকার, লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং অপ্রাপ্ত বয়সে জোরপূর্বক শিশু বিবাহ বন্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, চাকরিদাতা ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে একটি ডায়ালগ সেশন অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (১০ মার্চ) ইউসেপ বাংলাদেশ-এর আয়োজনে এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে পরিচালিত জেন্ডার রেসপন্সিভ অ্যান্ড ইনক্লুসিভ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং (GRIVET) প্রকল্পের আওতায় রংপুরে ইউসেপ আঞ্চলিক কার্যালয়ের সভাকক্ষে এ ডায়ালগ সেশন অনুষ্ঠিত হয়।
ডায়ালগ সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসেপ রংপুর এ্যাডভাইজারি কমিটির সহ-সভাপতি ও সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুরের সহযোগী অধ্যাপক মোঃ আজহারুল ইসলাম। ইউসেপ রংপুর অঞ্চলের অফিসার-সোশ্যাল ইনক্লুশন অ্যান্ড এমপ্লয়মেন্ট মো. বেলালুজ্জামান-এর সঞ্চালনায় ডায়ালগ সেশনে স্বাগত বক্তব্য রাখেন আঞ্চলিক ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম।
ডায়ালগ সেশনে ইস্যুভিত্তিক আলোচনা, দলগত কাজ, পাওয়ার পয়েন্ট উপস্থাপনা এবং মুক্ত আলোচনার মাধ্যমে কর্মক্ষেত্র ও সামাজিক পরিবেশে বিদ্যমান সমস্যার কারণ চিহ্নিত করা হয় এবং তা সমাধানে করণীয় বিষয়ে সুপারিশমালা প্রণয়ন করা হয়।
ইস্যুভিত্তিক আলোচনায় যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা ও অধিকার এবং মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা বিষয়ে বক্তব্য রাখেন রংপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শিহাব উদ্দিন শেখ। শিশু অধিকার ও লিঙ্গ সমতা বিষয়ে বক্তব্য রাখেন ইউসেপ রংপুর আঞ্চলিক কার্যালয়ের অফিসার-সোশ্যাল ইনক্লুশন অ্যান্ড এমপ্লয়মেন্ট মোঃ তাওহীদ-উল-ইসলাম সরকার, যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা ও অধিকার এবং শিশু সুরক্ষা ও অপ্রাপ্ত বয়সে জোরপূর্বক শিশু বিবাহ বন্ধে সচেতনতা সৃষ্টি ও মূল সমস্যা চিহ্নিতকরণ বিষয়ে সেশন পরিচালনা করেন স্বর্ননারী এসোসিয়েশন রংপুরের চেয়ারপার্সন মঞ্জুশ্রী সাহা। শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলে লিঙ্গভিত্তিক সহিংসতার কারণ ও প্রতিরোধর উপায় ও কেসস্ট্যাডি তুলে ধরে আলোচনা করেন ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)-এর আইন কর্মকর্তা এ্যাডভোকেট শাহিনা বেগম। এছাড়া সমাজ ও কর্মক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা ও অধিকার এবং ও সামাজিক অন্তর্ভুক্তি বিষয়ে বক্তব্য রাখেন টিম লিডার—সোশ্যাল ইনক্লুশন অ্যান্ড এমপ্লয়মেন্ট মো. সোলাইমান।
ডায়ালগ সেশনের বিশেষ অতিথি হিসেবে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করে বক্তব্য রাখেন রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পার্থ বোস, রবি সোমানী, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের জনশক্তি অফিসার মোঃ আমিরুল ইসলাম, জিএমএস ইলেকট্রনিক্স এর স্বত্বাধিকারী মোঃ শফিউল ইসলাম, রুফক্রপ কেয়ার লিমিডেট এর ডিপো ইনচার্জ মো. আতিক হাসান, ইসলামিক রিলিফ বাংলাদেশ এর সিনিয়র ম্যানেজার মোঃ নুরুন্নবী, উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের প্রকল্প কর্মকতা সিমন সরকার, দৈনিক সকালের বানী পত্রিকার বার্তা সম্পাদক এস এম ইকবাল সুমন, ঢাকা পোস্ট ডটকম-এর স্টাফ রিপোর্টার ফরহাদুজ্জামান ফারুক, ইউসেপ রংপুর টিভিইটি ইনস্টিটিউট এর প্রধান মো. মিজানুর রহমান, আঞ্চলিক কার্যালয়ের প্রোগ্রাম এ্যাসোসিয়েট রেহানা পারভীন, হেড অব ইউসেপ রংপুর টেকনিক্যাল স্কুল মোছা. কামরুন্নাহার বেগম, অফিসার-সোশ্যাল ইনক্লুশন এন্ড এমপ্লয়মেন্ট রামেন্দ্র বর্মা।
ডায়ালগ সেশনের মাধ্যমে বক্তারা সমাজ ও কর্মক্ষেত্রে নারী ও পুরুষের সমান সুযোগ অধিকার নিশ্চিতকরণ, জেন্ডার-নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করা এবং যোগ্যতা অনুযায়ী পদোন্নতি নিশ্চিত করা নারী-পুরুষ নির্বিশেষে সমকাজে সমবেতন নিশ্চিত করা এবং বেতনের স্বচ্ছতা বজায় রাখা, সিদ্ধান্ত গ্রহণকারী পর্যায়ে (ব্যবস্থাপনা ও নেতৃত্বে) নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করা, যৌন হয়রানি প্রতিরোধে ২০০৯ সালের হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী কঠোর নীতিমালা ও কমিটি গঠন করা, জেন্ডার বৈচিত্র্য নিয়ে নিয়মিত সচেতনতামূলক প্রশিক্ষণ ও মেন্টরশিপ প্রোগ্রামের আয়োজন করার বিষয়ে গুরুত্বারোপ করেন এবং একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ কাঠামো গড়ে তুলতে অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে একটি যৌথ কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।
সম্পাদক : মো. আতোয়ার রহমান
নিউজ কক্ষ: ০১৭২৪১৪১২৮২
ব্যক্তি /প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন কক্ষ:০১৭৯৬১৩৪০১৪
First bangla news 2024