
গাইবান্ধা প্রতিনিধি
পতিত আওয়ামীলীগ সরকার আমলে গাইবান্ধার সুবিধাভোগী সাইফুল ইসলাম সাজার বাড়িতে পারিবারিক অনুষ্ঠানের নামে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সমর্থকদের গোপন বৈঠকের অভিযোগ উঠেছে। সাইফুল ইসলাম সাজা প্রয়াত স্পিকার অ্যাড. ফজলে রাব্বী মিয়ার চাচাতো ভাই। তিনি ও তার স্ত্রী ফেরদৌসী বেগম সুইটি আওয়ামীলীগের ঘোর সমর্থক। সুইটি সাঘাটা উপজেলা মহিলা আওয়ামীলীগের নেত্রী ছিলেন।

একাধিক সূত্রে জানা গেছে, আওয়ামীলীগ আমলে স্পিকার ফজলে রাব্বী মিয়ার চাচাতো ভাই হওয়ায় চাকরি, বদলি সংক্রান্ত তদবির করতেন সাইফুল ইসলাম সাজা ও তার স্ত্রী ফেরদৌসী বেগম সুইটি। এমনকি বিভিন্ন বিরোধ মীমাংসায় তিনি পুলিশ ও প্রশাসনকেও ব্যবহার করতেন। তার ছেলে হুমায়ুন রশীদ হিমেল নর্থসাউথ ইউনিভার্সিটির ছাত্রলীগের কর্মী ছিলেন। তাঁর বিরুদ্ধেও নানা অভিযোগ রয়েছে।
সাইফুল ইসলাম সাজার বাড়ি সাঘাটার গটিয়া গ্রামে হলেও তিনি এখন গাইবান্ধার সুখনগর এলাকায় বসবাস করেন। রাতের বেলা মাঝেমাঝেই সাজার বাড়িতে আওয়ামীলীগের গোপন বৈঠক হয় বলে এলাকাবাসীর অভিযোগ।
মাসুদ করিম নামে এক এলাকাবাসী জানায়, মাঝেমাঝেই সাজার বাড়িতে পারিবারিক অনুষ্ঠান দেখা যায়। আসলে অনুষ্ঠানের নামে ওখানে আওয়ামীলীগের লোকজনের সমাগম ঘটে। এখান থেকে হয়তো কোনো ঘোঁট পাকানোর চেষ্টা করা হয়। সাজার বাড়ি শহরের একপ্রান্তে হওয়ায় কেউ নজরে রাখে না। তবে অভিযোগের ব্যাপারে একাধিকবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য জানা যায়নি।

















