
জবিঃ
আসন্ন জকসু নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার আলোচনায় থাকা এবং ডিজিটাল নিরাপত্তা আইনের দুই মামলায় ১৫ মাস জেলে থাকা জবি শিক্ষার্থী খাদিজাতুল কুবরাকে শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক করা হয়েছে।

আজ রোববার (১৬ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার প্রাথমিক সদস্য হিসেবে আপনি নিজের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। আপনার সাংগঠনিক সক্রিয়তা ও দক্ষতার মূল্যায়ন করে আপনাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।
আরও বলা হয়, আপনার মেধা ও মননের সহযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক কার্যাবলিতে অধিকতর গতিশীলতা তৈরি হবে বলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ বিশ্বাস করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই নির্দেশনা প্রদান করেন।


















