
মোঃমোমিনুল ইসলাম, স্টাফ রিপোর্টার (দিনাজপুর)

দিনাজপুর ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (০১ এপ্রিল) দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর একটি টহল দল এই মাদক উদ্ধার করে।
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বুধবার রাত ১১টা ১৫ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়নের অধীনস্থ চাপসার বিওপি’র একটি বিশেষ টহল দল হরিপুর উপজেলার সীমান্তবর্তী গ্রামপুকুর নামক স্থানে অভিযান পরিচালনা করে। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ৬২ বোতল দেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্থানটি সীমান্ত পিলার ৩৪৬/১৬-আর হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকের ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন:
দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও এ ধরনের কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।
পলাতক মাদক ব্যবসায়ীদের শনাক্ত করতে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বিজিবি’র গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।


















