
আবুহাসান (আকাশ), লালমনিরহাট:

লালমনিরহাট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৯টি ভারতীয় গরু এবং ৭০ কেজি চিনি জব্দ করেছে ১৫ বিজিবি ব্যাটালিয়ন।
আজ ৩ এপ্রিল (শুক্রবার) ভোর ও তার আগের দিন দুপুরে জেলার হাতিবান্ধা, আদিতমারী ও সদর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় এসব অভিযান চালানো হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বনচৌকি, দুর্গাপুর ও মোগলহাট বিওপির টহলদল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এসময় চোরাকারবারীরা ভারত থেকে গরু নিয়ে প্রবেশের চেষ্টা করলে বিজিবি তাদের চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায় পাচারকারীরা।
পরে ঘটনাস্থল থেকে ১২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৯টি গরু এবং ১৪ হাজার ১০০ টাকা মূল্যের চিনিসহ সর্বমোট ১২ লাখ ৬৪ হাজার ১০০ টাকার মালামাল জব্দ করা হয়।
১৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবি সবসময় আপসহীন। পলাতক চোরাকারবারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


















