
নাজমুল হাসান, মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘরে ঢুকে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ লোকজনের বিরুদ্ধে। এ সময় ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাতটার দিকে নতুন মাদারীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহজনক একজনকে আটক করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য নিয়ে সদর উপজেলার ‘নতুন মাদারীপুর’ গ্রামের মনিরুজ্জামান আক্তার হাওলদারের সাথে একই এলাকার হাসান মুন্সির দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জেরে মনিরুজ্জামান আক্তার হাওলদারের এর সমর্থক ও চাচাতো ভাই আলমগীর হাওলাদারের বসতঘরে ঢুকে হামলা চালায় প্রতিপক্ষ হাসান মুন্সির লোকজন।
এ সময় আলমগীরকে এলোপাতারি কুপিয়ে হত্যা করা হয়, বিচ্ছিন্ন করা হয় হাত। বসতঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, আধিপত্য নিয়ে প্রায়ই সংঘর্ষের জড়ায় দুপক্ষ। এর আগেও বেশ কয়েকবার হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আলমগীর হাওলাদারের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে মাসুদ বেপারী নামে একজনকে জড়িত সন্দেহে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।


















