
আবুহাসান (আকাশ), লালমনিরহাট:

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সীমান্ত এলাকায় পাঁচটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও প্রসাধনী মালামাল জব্দ করেছে।
গত বুধবার (৪ মার্চ) রাত থেকে বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল পর্যন্ত কুড়িগ্রাম ও লালমনিরহাটের বিভিন্ন সীমান্ত পয়েন্টে পৃথক পৃথক অভিযানে এসব মালামাল উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাটের বালারহাট, রামখানা, ঝাউরানী ও মোগলহাট বিওপির টহল দলগুলো সীমান্ত এলাকায় অবস্থান নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ১৯৯ বোতল ইস্কাফ সিরাপ, ৫৬ বোতল ফেয়ারডিল, ১৯ বোতল মদ, ৫ কেজি গাঁজা এবং বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী উদ্ধার করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২৫ হাজার ৯০০ টাকা।
লালমনিরহাট ১৫ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম জানান, মাদকমুক্ত দেশ গড়তে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। পলাতক চোরাকারবারীদের শনাক্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


















