
আবুহাসান (আকাশ), লালমনিরহাট:

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও মালামাল জব্দ করেছে।
গত মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত বিভিন্ন সীমান্তে পৃথক ৫টি অভিযানে এসব উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অনন্তপুর, বালারহাট, ঝাউরানী, মোগলহাট ও দিঘলটারী বিওপির টহল দলগুলো সীমান্তবর্তী বিভিন্ন স্থানে অবস্থান নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১৬১ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ, ৯ বোতল মদ, ২.৩ কেজি গাঁজাসহ বিভিন্ন চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৩০ হাজার ১৫০ টাকা।
১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, সীমান্তে সুরক্ষা নিশ্চিত ও মাদক নির্মূলে বিজিবি সবসময় আপসহীন। চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়তে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট চোরাকারবারিদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।


















